হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

রবিবার দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া নামক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন হিলির মুহারাপাড়া গ্রামের মাহে আলম প্রধান (৫০), তিনি পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, তাঁর ছেলে রিমন (২৮) তিনি পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শাহরিয়ার প্রধান রিফাত (২৫), তিনি পৌর ছাত্রদলের সদস্য। অপরজন একই এলাকার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে বেলাল হোসেন (৩০), তিনি পৌর যুবদলের সদস্য।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে রবিবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক সরবরাহের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা বাড়িতে মাদক মজুত করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। হিলির মুহাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম জানান, গতকাল রাতে যৌথবাহিনী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ চারজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক ৪জনকে থানায় হস্তান্তর করে। প্রক্রিয়া শেষে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।