বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু এবং একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে—পূর্ণকলস গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকের ঘাসের জমির আইলে, কলাগাছের নিচে একটি সন্দেহভাজন বাজারের ব্যাগ পড়ে রয়েছে। খবর পেয়ে আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান, ১টি সুইচ গিয়ার চাকু ও ১টি চাপাতি উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।