মোঃ রাশেদ শরীফ, মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার কুকনা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও একটি স্টিলের লকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিন মাসের শিশুসন্তানসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় দীপ্ত কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে এশিয়া মহিলা কলেজের পুরোনো হোস্টেলের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সম্পা দাস (৩২) ও পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। তাঁদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাসাটিতে তল্লাশি চালিয়ে একটি স্টিলের লকার থেকে ২০টি নীল জিপার পলিতে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে বাসার সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি টয়োটা করোলা প্রাইভেট কার, নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল এবং একটি ওয়াকিটকি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই মো. মেহেদী হাসানসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।