ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মমিনুল ইসলাম (২৯) নামে এক ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মমিনুল উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভাণ্ডার সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি ডিবি পুলিশের পরিচয়ে দীর্ঘদিন বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।

পুলিশ জানায়, মমিনুল ডিবি পুলিশ পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে প্রতারণা করতেন। তিনি নিরীহ মানুষকে কখনো মাদক মামলার আসামি, কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলা রয়েছে। ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার সময় মমিনুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’