ইসমাইল হোসেন বাবু সিনিয়র ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি স্বপন ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ভোরে ভেড়ামারা থানাধীন সাতবাড়িয়া ভাঙ্গাপোল এলাকার মেসার্স আরিফ ট্রেডার্স দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামি দৌলতপুর উপজেলার গাছের দেয়ার টলটলি পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে স্বপন ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ-এর নেতৃত্বে ভেড়ামারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছিল। এরই ধারাবাহিকতায়, ১৭ অক্টোবর সকালে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সাতবাড়িয়া ভাঙ্গাপোল সাকিনস্থ মেসার্স আরিফ ট্রেডার্স-এর দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন।

এ সময় মাদকদ্রব্য বিক্রয় ও বহনের সাথে জড়িত মোঃ স্বপন ইসলামকে ২৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।