মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ফরিদপুরের মধুখালীতে মনিটরিং কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকা, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় মধুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়। গঠিত মনিটরিং টিমের সদস্যরা প্রতিদিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক।

সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা বাকি, সহসভাপতি আকতার হোসেন মুন্সি ও লিয়াকত আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও অ্যাডভোকেট নির্মল দাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম আরেফিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।