মুকসুদপুর প্রতিনিধি
“এসো তরুণ – এসো যুবক, আমরা গড়ি আলোকিত আগামীর গ্রাম” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী বড়ইহাটী সততা প্রবাসী কল্যাণ ক্লাবের সহযোগিতায় এবং আলোর পথে দিগনগর ইউনিয়নের বাস্তবায়নে বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, বিশিষ্ট লেখক – সাংবাদিক, কলামিস্ট ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সহকারী অধ্যাপক সাবরিনা আহমেদ শুভ্রা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অলিউর শেখ এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিৎ কুমার বিশ্বাস।
দিগনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক হাওলাদারের সঞ্চালনায় এ সময় সফল কৃষক, সফল ব্যবসায়ী, মেধাবী ছাত্র-ছাত্রী, শিক্ষক, পরিশ্রমী নারী, গ্রামের স্বাস্থ্য কর্মী, প্রবাসী এবং বিশেষ ব্যক্তিদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখায় ১৫০ জনকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান শেষে সরলা শিল্প গোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।