ইসমাইল হোসেন বাবু, জ্যেষ্ঠ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মেলা চত্বর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানিয়েছে, তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত মেলা ও অনুষ্ঠানস্থলে যাতে গাঁজা বা অন্য কোনো মাদকদ্রব্যের সেবন, ক্রয়-বিক্রয় কিংবা অবৈধ কার্যক্রম না ঘটে, সে লক্ষ্যে এ অভিযান চালানো হয়। একই সঙ্গে মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসানের নির্দেশনায় অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার। এ সময় কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ও পুলিশের অন্যান্য সদস্য মেলা চত্বর এবং আশপাশের এলাকায় তল্লাশি চালান। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ ও ব্যাগপত্র তল্লাশি করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরাও অংশ নেন। জেলা পুলিশ জানিয়েছে, লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং দেশ-বিদেশ থেকে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।