মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে মাদক (ইয়াবা) সেবন ও বিক্রির অপরাধে দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিমা আক্তারকে (২০) ৬ মাস ও রাশেদ মৃধা নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া উভয়কে ১০০ টাকা করে জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
রিমা উপজেলার গাজিরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ মোকলেসের মেয়ে এবং রাশেদ একই ইউনিয়নের ব্যাপারিডাঙ্গী গ্রামের বাসিন্দা আবুল মৃধার ছেলে।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ সকাল ৮টার দিকে রিমা ও রাশেদের বাড়িতে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে মাদক (ইয়াবা) সেবন অবস্থায় আটক করা হয়। এ সময় রিমার নিকট হতে ৪টি ও রাশেদের নিকট হতে ২টি ইয়াবা ও সেবনের সরঞ্জাম জব্দ করেন তারা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
ইয়াবা সেবনের দায়ে দণ্ডিত দুজনের মধ্যে রিমা ইয়াবা বিক্রি ও সেবন করে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই পরিদর্শক।