হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদুল মালিথা (৫৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
মরহুম শহিদুল মালিথা চিৎলা গ্রামের মৃত বক্স মালিথার ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চিৎলা পূর্বপাড়া সরকারি কবরস্থান-সংলগ্ন স্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চিৎলা পূর্বপাড়া সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মীকে হারিয়ে শোকাহত তাঁর পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীরা।
এদিকে, শহিদুল মালিথার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন এবং সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।