মোক্তার হোসেনঃ

 

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

সোমবার সকাল ১১টার সময় পাংশা জর্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে ব্যানারসহকারে র‌্যালী বের করা হয়। র‌্যালী
শেষে পাংশা জর্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক।

 

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত সরদার ও পাংশা জর্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন।

 

শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।