মোঃ ইকবাল হোসেনঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগেঅনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অবৈধ অর্থ লেন দেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া বাতিল, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির একাংশের নেতা-কমীর্রা।

রোববার দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারে বিএনপির একাংশের অস্থায়ী দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য দেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি বাশারুল বারী ও উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিসিআইসি ও খুচরা সার ডিলার শিপ বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অবৈধ অর্থ লেনদেনের ঘটনা ঘটেছে। এ ছাড়া অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি ও তাঁদের স্বজনদের নতুনকরে ডিলারশিপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারীরা।

 

বক্তব্যে আরও বলা হয়, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে সাধারণ কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষ ভাবে যাচাই করে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবি গুলোর মধ্যে রয়েছে ।

 

অভিযোগ তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা, সরকারি বিধি অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে ডিলার নিয়োগ, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করা।

লিখিত বক্তব্যে সংশ্লিষ্ট প্রশাসন, কৃষি মন্ত্রণালয় ও বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অভিযোগের প্রতিকার না হলে কৃষক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম সিকদার ও সাবেক পৌর বিএনপি’র আহ্বায়ক তারিকুল ইসলাম।

 

উপজেলা কৃষি অফিসার তুষার সাহা জানান, ডিলার নিয়োগ নীতি মালা অনুযায়ী উপজেলা তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন প্রতি তিনজন যোগ্য আবেদনকারীর নাম জেলা কমিটিকে প্রেরণ করে। পরবতীর্তে জেলা কমিটি অধিকতর যাচাই—বাছাই পূর্বক কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করেন। পরবতীর্তে কৃষি মন্ত্রণালয় চূড়ান্ত ভাবে ডিলার নিয়োগ করেন।

 

উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান আব্বাস বলেন, সরকারি বিধি—বিধান অনুসরণ করেই সারের ডিলারদের তালিকা প্রণয়ন করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম করা হয়নি। তালিকা তৈরির ক্ষেত্রে সরকারি নিয়ম মেনেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।