ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিজিবির বাধার মুখে ওই চারজন ভারতের অভ্যন্তরে ফিরে যান।

 

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টায় দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্তের ১৫৩/৯-এস নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি।

 

বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও তৎপরতার কারণে বিএসএফের এ প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টায় বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ওই চারজন ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

 

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অবৈধ পুশইন প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবির তৎপরতা অব্যাহত।