বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’-এর শুভ উদ্বোধন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ এবং ২০ শিক্ষার্থীর মাঝে পিংক রঙের বাইসাইকেল বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তিনি প্রধান অতিথির হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও মননশীল বই তুলে দেন।
উদ্বোধন হলো ‘অ্যাথেনিয়াম’ লাইব্রেরিঃ
শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে বোয়ালমারী উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’ উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, এ লাইব্রেরি শিক্ষার্থীসহ সাধারণ পাঠকদের জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০ শিক্ষার্থীর হাতে পিংক রঙের বাইসাইকেলঃ
এদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থীর মাঝে পিংক রঙের বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রকিবুল হাসান এবং বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান।
এডিপির অর্থে সরবরাহ করা বাইসাইকেলের মাস্টাররোল অনুযায়ী, বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান মাসুরা, লামিয়া পারভীন ও মার্জিয়া আক্তার মুনি; বোয়ালমারী জর্জ একাডেমির মোবাশিরা মারজান, মেঘলা আক্তার ও সামিয়া পারভীন; সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রীতি বিশ্বাস ও তৃষা এবং কাদীরদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাদিয়া পারভীন বাইসাইকেল পেয়েছে।
এছাড়া খরসুতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আরিফা সুলতানা, রাঙ্গামুলার কান্দি হাজী আব্দুল্লাহ একাডেমির সাবিহা নূর, উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়ের হামিদা হাসান, সাতৈর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জান্নাতি ইয়াসমিন মিনু, নদেরচাঁদ প্রেমচাঁদ দাস একাডেমির নাজমিন, মধুবনি উচ্চ বিদ্যালয়ের মামিয়া ফাতেমা, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের মুরসালিনা ও শরীফা, রূপপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মিতু এবং ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের মেহজাবিন ইসলাম তাসনিম ও কৃষ্ণা পাল বাইসাইকেল পেয়েছে।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করার পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত, ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় উৎসাহিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়া, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।