রনি আহমেদ রাজুঃ
মাগুরায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম জব্দ করে জেলা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হন কাশিনাথপুর এলাকার মোঃ শাহীন আলম, তার স্ত্রী সাথী খাতুন এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের খালিদ হাসান।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, কাশিনাথপুরে শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভারি ১৩৫ সিসি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার মোঃ শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে। এছাড়া সাথী খাতুনের বিরুদ্ধে রয়েছে দুটি মাদক মামলা।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ। মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।