ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এতে মিছিল ও সমাবেশ পণ্ড হয়।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিরাপত্তাজনিত কারণে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়নি।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিলেন। কিন্তু কোনো কারণ না জানিয়ে পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ বলছে নিরাপত্তার কারণে মিছিল করতে দেওয়া হচ্ছে না। আমাদের অবরুদ্ধ করে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে? আমরা পুলিশের এ আচরণের তীব্র নিন্দা জানাই। এনসিপির নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করার পর শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করেন।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,নিরাপত্তার কারণে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়নি।
এরআগে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর মাজার প্রাঙ্গণে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় সোমবার (০৫ অক্টোবর) প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে এনসিপি।