বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে সোনালী বেগম (৪২) নামে এক নারীকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৩০০ গ্রাম।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বোয়ালমারী থানাধীন শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাগুরা গ্রামের বাদশা মিয়ার মেয়ে সোনালী বেগমের হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিদর্শক মো. রাসেল কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনালী বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।