শরীফ কামরুজ্জামান বাবুলঃ

মালয়েশিয়ায় কর্মস্থলের বাইরে সড়ক দুর্ঘটনায় উজ্জল সিকদার (২৭) নামে ফরিদপুরের সালথা উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল সিকদার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম শিকদারের ছেলে।

পরিবার ও স্বজনরা জানান, জীবিকার তাগিদে কয়েক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান উজ্জল। সেখানে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। একই প্রতিষ্ঠানে তার আত্মীয় আরমান শেখও কাজ করতেন।

প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে ফিরে বিয়ে করেন উজ্জল। পরে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান তিনি।

নিহতের আত্মীয় আরমান শেখ জানান, শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন উজ্জল। পরে তার মৃত্যুর খবর স্বজনদের জানানো হয়।

উজ্জলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।