এস. এম সালমান কবীর হৃদয়ঃ

 

বগুড়া মহানগরের ঝোপগাড়ি ওলির বাজার এলাকায় ‘ল্যাংড়া বকুল’ নামে পরিচিত এক ব্যক্তিকে শ্বশুরবাড়ির লোকজন প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি ‘ল্যাংড়া বকুল’ নামে পরিচিত ছিলেন। বুধবার দুপুরে তিনি শ্বশুরবাড়ির এলাকায় গেলে সেখানে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে জানা যায়।

 

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং হত্যার সঙ্গে কারা সরাসরি জড়িত, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, পূর্ববিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।