ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে মাথাভাঙা নদীতে এক ব্যক্তিকে ঘিরে পুশইনের চেষ্টা চলছে-এমন গুঞ্জনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ঘটনাটি পুশইনের নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে প্রাগপুর সীমান্তের জয়পুর এলাকার মাঝামাঝি মাথাভাঙা নদীতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক ব্যক্তিকে মাথাভাঙা নদীতে নামিয়ে দেয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা নদীর পাড়ে জড়ো হয়ে প্রতিরোধের চেষ্টা করেন। পরে বিএসএফ ওই ব্যক্তিকে আবার নদী থেকে তুলে নেয়।

 

এদিকে নদীর অপর পারে ১০ থেকে ১২ জন মানুষকে জড়ো হতে দেখা গেলে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের আশঙ্কা ছিল, সুযোগ বুঝে ওই ব্যক্তিদের বাংলাদেশে পুশইন করা হতে পারে।

 

স্থানীয় বাসিন্দা রাকিব হাসান বলেন, বিএসএফ একজনকে নদীতে নামিয়ে দিয়েছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নদীর পাড়ে জড়ো হলে তাকে আবার ফিরিয়ে নেওয়া হয়। তবে নদীর ওপারে কয়েকজন মানুষ জড়ো হওয়ায় পুশইনের আশঙ্কা করছেন তারা। তবে ঘটনাটিকে পুশইনের চেষ্টা নয় বলে জানিয়েছেন বিজিবি।

 

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, নদীতে নামা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নদীতে সাঁতার কাটছিলেন এবং নিজের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছু বলতে পারছিলেন না।

 

তিনি জানান, পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক (ফ্ল্যাগ মিটিং) আহ্বান করা হয়। বৈঠকে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন বলে জানানো হলে বিএসএফ তাকে নিয়ে যায়। বিজিবি জানায়, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ধরনের ঘটনায় সীমান্তে প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রয়েছে।