সাহিদা পারভীন:

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাহি ট্রেডার্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুকুর আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

নিহত শুকুর আলী রাজবাড়ী জেলা সদরের ভবানীপুর গ্রামের বাসিন্দা।

 

স্থানীয়রা জানান, এক সপ্তাহ ধরে কালুখালীর মাহি ট্রেডার্সে সম্প্রসারণের কাজ চলছে। এ কাজে সরকারি জায়গাও দখল করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কাজ চলাকালে সরকারি উদ্যোগে স্থাপন করা সৌরবিদ্যুতের সংযোগ সামনে পড়ে। খুঁটিটি সরানোর জন্য কাজের তদারককারী জাকির হোসেন শ্রমিকদের চাপ দেন। তবে শ্রমিকরা খুঁটি সরাতে রাজি হননি। পরে ইঞ্জিনিয়ার মনিরের ফোন পেয়ে শ্রমিকরা সরকারি খুঁটি সরানোর কাজ শুরু করেন।

 

শ্রমিকরা খুঁটিটি তুলে ফেললে সেটি বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এতে সৌরবিদ্যুতের লোহার খুঁটিতে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। ওই বিদ্যুতের সংস্পর্শে শুকুর আলীর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

 

ঘটনার পরপরই জাকির কালুখালী থানা পুলিশকে না জানিয়ে লাশটি লুকিয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।