আব্দুল হামিদ মিঞা:

 

নদীর পাড় দিয়ে সারি সারি গর্ত, চারা হাতে নিয়ে দাঁড়িয়ে আনসার-ভিডিপির সদস্যরা। সবার লক্ষ্য ও উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচি। “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা আনসার ও ভিডিপি।

 

এ কর্মসূচির আওতায় বাঘা উপজেলায় বিভিন্ন প্রজাতির এক হাজার বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তালগাছ, খেজুরগাছসহ বিভিন্ন প্রজাতির ৫০০টি বৃক্ষ রোপণ করা হয়।

 

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীর পাড় এলাকায় এসব বৃক্ষ রোপণ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, একই স্থানে পর্যায়ক্রমে আরও ৫০০টি বৃক্ষ রোপণ করা হবে।

 

মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়্যাল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার এবং মীরগঞ্জ বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মাহাবুব আলম।

 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণে জেলার ৯টি উপজেলার মধ্যে বাঘা উপজেলা শ্রেষ্ঠ।

 

উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, “বৃক্ষরোপণের পরে পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব সবাইকে নিতে হবে। তবেই বৃক্ষরোপণের সফলতা আসবে।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, বিআরডিবি অফিসার খোরশেদ আলম, আনসার-ভিডিপি কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম রবি, ইউনিয়ন ও পৌর দলনেতা আমজাদ হোসেন, আব্দুল হামিদ মিঞা, বিপুল হোসেন, ওয়ার্ড দলনেত্রী রওশনারা, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীগণ এবং প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত ভিডিপি সদস্য সাগর আলী প্রমুখ।