আরিফুল ইসলাম রতন:

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন কৃষকদলের আহ্বায়ক মো. নয়ন মন্ডল। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

 

নয়ন মন্ডল বলেন, ৩ নম্বর সদর ইউনিয়নের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে তিনি কাজ করতে চান।

 

তিনি আরও জানান, ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অবকাঠামোর উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

নয়ন মন্ডলের দাবি, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

 

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নয়ন মন্ডল ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন। এসব কর্মসূচিতে তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শুনছেন। নির্বাচিত হলে জনগণের এসব প্রত্যাশা বাস্তবায়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করছেন তিনি।

 

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নম্বর সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। বিভিন্ন এলাকায় চলছে মতবিনিময় ও গণসংযোগ। নির্বাচন কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।