রাশেদ শরীফঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মাগুরায় সরকারি খাসজমিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন’। বুধবার (২৩ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে ৩২ জন স্বেচ্ছাসেবী সদস্যের সক্রিয় অংশগ্রহণে প্রায় এক একর সরকারি খাসজমিতে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিনের দিকনির্দেশনায় ০২ নম্বর আঠারখাদা ইউনিয়নের ৩৫ নম্বর মৃগীডাঙ্গা মৌজার ১৪৭২ নম্বর দাগের ০১ নম্বর খতিয়ানভুক্ত প্রায় ১ একর সরকারি খাসজমিতে এসব গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে সরকারি জমিতে সাত প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ১০০টি চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে মেহগনি ২৫টি, চালতা ১৩টি, জলপাই ১২টি, আমলকি ১৫টি, হরিতকি ১০টি, কাঠবাদাম ১২টি ও নিম ১৩টি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা আক্তার, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রোকন উদ্দীন, টিআই রোকেয়া খাতুন, প্রশিক্ষক আবু হুসাইন আহমেদ এবং সদর উপজেলার ভাতা ভোগী সকল আনসার সদস্য ও সদস্যা। এছাড়া আরো উপস্থিত ছিলেন আঠারখাদা ইউনিয়ন বিভিন্ন পদমর্যাদার আনসার-ভিডিপির সদস্যরা।
এ সময় মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রোকন উদ্দীন বলেন, “একটি গাছ শুধু মাটিতে বেড়ে ওঠে না, এর সঙ্গে বেড়ে ওঠে মানুষের বেঁচে থাকার সম্ভাবনাও। আজ আমরা যে চারাগুলো রোপণ করছি, সেগুলো আগামী দিনের প্রজন্মের জন্য আমাদের রেখে যাওয়া সবুজ সম্পদ। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “সরকারি খাসজমিকে শুধু খালি জায়গা হিসেবে না দেখে পরিকল্পিতভাবে বৃক্ষ আচ্ছাদনের আওতায় আনা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জন্যও দীর্ঘমেয়াদি উপকার সৃষ্টি হবে। একটি গাছ লাগানোর চেয়ে সেটিকে পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ। তাই সঞ্জীবন প্লাটুনের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণকেও এসব গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তাদের প্রত্যাশা, আজকের রোপণ করা চারাগুলো একদিন বড় বৃক্ষে পরিণত হয়ে এলাকাটিকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলবে।