তরিকুল ইসলাম মোস্তফাঃ
পটুয়াখালীর বাউফল পৌর শহরে পরপর চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর২৬ইং) রাত সাড়ে ৯টার দিকে এসব বিস্ফোরণের বিকট শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল থানার অদূরে পাবলিক মাঠের মোড়, কুন্ডুপট্টি, গোলাবাড়ী এবং উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের শব্দে আতঙ্ক, বন্ধ দোকানপাট প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পথচারী ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন। আতঙ্কে শহরের কয়েকটি এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।
তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ এক মিনিটের ব্যবধানে বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। বিস্ফোরণের প্রকৃত সংখ্যা ও ঘটনাস্থলগুলো পুলিশ তদন্ত করে দেখছে।
বিস্ফোরণের পর ছাত্রদলের মিছিলঃ
বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পর রাত ১০টার দিকে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তদন্তে পুলিশঃ
ঘটনার পর বাউফল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, ওই দিন শহরে একটি বিশেষ কর্মসূচি ছিল। কর্মসূচি শেষে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
এটি উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পৌর শহরের বিভিন্ন এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।