ইস্রাফিল হােসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল,সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল (৫০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১২ মাইল মোড় সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মণ্ডলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল।
১২ মাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে ভেড়ামারা ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাক ও সিএনজিটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।