আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যালয়ের মাঠে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার মাথাভাঙ্গা ও মৌলভীরচর এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
অভিযানকালে মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন,মেহেরপুরের গাংনী উপজেলার বাজারপুর গ্রামের মৃত রবিউল হকের ছেলে হাবিবুর রহমান (৪০), ঝিনাইদহের মোবারকগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে বাবুল (৪৭) এবং মেহেরপুরের গাংনী উপজেলার কোদালকাঠি গ্রামের মৃত হারেজের ছেলে আশরাফুল (৪৫)। তারা প্রত্যেকেই চরভদ্রাসনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।”