মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী এলাকার শয়তানখালিতে পদ্মা নদীর ভাঙন রোধ, এলাকাবাসীর জান-মাল ও বসতভিটা রক্ষার জন্য পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় শয়তানখালি এলাকায় স্থানীয় মুসল্লিদের জমায়েতের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করেন। পরে আল্লামা আবুল কালাম (পীর সাহেব, দোহার, ঢাকা) বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
আকোটেরচর আল-মদীনা আখেরী কবরস্থান মাদরাসার মুহতামিম মাওলানা রেজাউল করিমের আহ্বান ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সমবেত মুসল্লিদের উদ্দেশে নসিহতমূলক বক্তব্য দেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এবং বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল লতিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা নূর মোহাম্মদ, মুফতী আখতার হুসাইন, হাফেজ মুফতী এমদাদুল হক, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা আখতার হুসাইন, মাওলানা এমদাদুল হক ফরিদী, মুফতী শরাফত হুসাইন, কারী সুলাইমান, মাওলানা শহিদুল ইসলাম, রিফাত হুসাইনসহ স্থানীয় আলেম-ইমামগণ।
এছাড়া উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, ঢেউখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক বাছাড়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুনাজাতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে শয়তানখালি ও পিয়াজখালী এলাকার মানুষের জান-মাল, বসতভিটা, মসজিদ-মাদরাসা ও ফসলি জমি রক্ষার জন্য মহান আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা হয়। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর নিরাপত্তা, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।