মানিক কুমার দাসঃ
বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার প্রতিরোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের ১৩টি টিম জেলার ১৮টি এলাকায় এ অভিযান চালায়।
অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কার্যক্রম, রাস্তার বাতি, অটো চার্জিং ও গ্যারেজে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও যাচাই করা হয়। এ সময় ৩৩টি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়েছে।
অভিযানকালে সদর দপ্তরের আওতাধীন একটি এলাকায় আবাসিক মিটার ব্যবহার করে দীর্ঘদিন ধরে অটো চার্জিং স্টেশনে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।