আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালীকে আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এ সময় মধুখালীকে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে সাজাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন ইউএনও।
সাংবাদিকদের ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “আমি হয়তো চিরকাল মধুখালীতে দায়িত্বে থাকব না। তবে মধুখালীবাসীর জন্য দৃষ্টিনন্দন কিছু করে যেতে চাই, যাতে মধুখালীর মানুষ আমাকে চিরকাল মনে রাখে।”
তিনি জানান, প্রাথমিকভাবে একটি হাইওয়ে সড়কে নামফলক ও গেট নির্মাণ, পৌর এলাকায় পানির ফোয়ারা স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানুষের বিশ্রামের জন্য সুন্দর পরিবেশ তৈরি, একটি গোলচত্বর নির্মাণ এবং বাজার মসজিদ সংলগ্ন পুকুর সংস্কার ও শানবাঁধানো ঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে সড়ক ও জনপথ অধিদপ্তর, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম আজমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।