আব্দুল হামিদ মিঞা:
রাজশাহীর বাঘায় চোর সন্দেহে শিমুল (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় ইসলাম আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি বাঘা উপজেলার জোতকাদীপুর গ্রামের আফসার মণ্ডলের ছেলে।
গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর একটি দল।
র্যাব জানায়, শিমুল হত্যা মামলার প্রাথমিক তদন্তে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তিনি এ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বাঘার জোতকাদীপুর এলাকায় শিমুল ও মো. শমজান নামে দুই যুবককে চোর সন্দেহে একদল লোক আটক করে। এ সময় তাদের ওপর গণপিটুনি চালানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।
নিহত শিমুল একই গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে।
এ ঘটনায় নিহত শিমুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে বাঘা থানায় একটি হত্যা মামলা করেন।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।
পরবর্তী আইনি ব্যবস্থার অংশ হিসেবে গ্রেপ্তারকৃত ইসলাম আলীকে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।