আরিফুল ইসলাম রতন:

 

বিগত সরকারের সময়ে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য আনিছুর রহমান মানিক। একই সঙ্গে ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

 

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আনিছুর রহমান মানিক লিখেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে মনে হয় কেউ আন্দোলন করে নাই। দেশের সাবেক ১৯টি পুরাতন জেলার মধ্যে খ্যাত ও ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলায় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী নেই। এটা বৈষম্য।”

 

তিনি আরও বলেন, ময়মনসিংহে অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।

 

আনিছুর রহমান মানিক তার পোস্টে বলেন, “যাকে পছন্দ হয় তাকেই দিক, কিন্তু বঞ্চিত রাখা সমীচীন নয়।”

 

তার এ বক্তব্যের মাধ্যমে ময়মনসিংহের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন এবং জেলার রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি উঠে এসেছে।

 

আনিছুর রহমান মানিক ধোবাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।