মোক্তার হোসেনঃ

 

পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী বছরের শুরুতেই নিজস্ব অর্থায়নে পদ্মা
ব্যারেজ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারী থেকে
মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে প্রকল্পে বরাদ্দ হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হবে দেশীয় অর্থায়নে।

 

এ প্রকল্পটি বাস্তবায়ন হলে ২৪ জেলায় অর্থনৈতিক বিপ্লব হবে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের
সাইট পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ একটি মাস্টার মাইন্ড প্রকল্প। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের প্রতিশ্রম্নতি দিয়েছিলেন এবং নির্বাচনী ইশতেহারে বিষয়টি অন্তর্ভুক্তি করেছিলেন। এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

 

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী—১ আসনের জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী—২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ, পানি সম্পদ সচিব ডঃ একেএম শাহাবুদ্দিন, পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।