ফিরোজ আলম:

 

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মিলন বলেছেন, ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই প্রতিরোধ গড়তে হবে। তিনি পবা ও মোহনপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে আগাম পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন পরিষ্কার ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার।

 

দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রাজশাহীর পবা উপজেলায় স্থানীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

তিনি বলেন, দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। তাই ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

 

তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ জন্য সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

 

কর্মসূচির বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।

 

উপজেলা পরিষদ চত্বরসহ নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

 

এ সময় জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য সাজাহান আলী, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম, কুতুব উদ্দিন বাদশা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মাজদার রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।