আমিরুল ইসলাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনে আরা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, বড়াইগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, কৃতি শিক্ষার্থী জান্নাতি খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার ২৮টি বিদ্যালয় থেকে ১৬৫ জন, ৩টি মাদ্রাসা থেকে ৬ জন এবং ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মোট ১৭৬ জন কৃতি শিক্ষার্থীকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার বড়াইগ্রাম উপজেলার ১ নম্বর জোয়াড়ী ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।