আনিসুর রহমানঃ
নাটোরে ২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ও চকো সিরাপসহ মোঃ রোকনুজ্জামান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর বারোটার দিকে নাটোর সদরের করোটা পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রোকনুজ্জামান নাটোর সদরের করোটা এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান খোকনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর নাটোর ক্যাম্প (সিপিসি-২) ও রাজশাহী সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল করোটা পশ্চিম বাজারে রোকনুজ্জামানের দোকানের সামনে অভিযান চালায়।
এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিল জাতীয় নেশাজাতীয় সিরাপ (২ বোতল এস্কাফ ও ২৪ বোতল চকো) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রোকন স্বীকার করেন যে, তিনি মোটরসাইকেলযোগে রাজশাহী থেকে এসব অবৈধ নেশাজাতীয় সিরাপ সংগ্রহ করে নিজ দোকানে রেখে বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে নাটোর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।