আরিফুল ইসলাম রতন:

 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২ নম্বর গামারীতলা ইউনিয়নের দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রামের একটি আমন ধানক্ষেত থেকে নজরুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা এবং বর্তমান ইউপি সদস্য ফজলুল হকের ভাই।

 

গতকাল রাত আনুমানিক ৩টার দিকে উত্তর লাঙ্গলজোড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

এদিকে কৃষক নজরুল ইসলামের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।