ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার ভেড়ামারায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। উপজেলার দুটি ইউনিয়নে গত ৩৬ ঘণ্টায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। হঠাৎ কুকুরের এমন উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গত রোববার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার দুটি ইউনিয়নে পৃথক এসব ঘটনা ঘটে। কুকুরের উপদ্রব হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে উপজেলার বাহিরচর ইউনিয়নের ৬৮ পাড়া এলাকায় ১২ জন এবং মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ও আশপাশের এলাকায় ১০ জন রয়েছেন।
আহতরা হলেন—বাহিরচর ইউনিয়নের রজিনা, রিয়াদুল, বাইজিদ, মানিক, জহুরুল, আব্দুল হান্নান, নায়েব আলী মোল্লা, ডাবলু মোল্লা, জাহাঙ্গীর, রুবিনা, হালিম ও বাবুল।
অন্যদিকে, মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার আহতরা হলেন—মো. বাবলু (৫৫), মো. নাজমুল (২৩), মোহাম্মদ নুর (৬), মোছা. খাদিজা (১০), মো. হালিম (৪০), বাইজিদ (৫), বাপ্পি (২৮), মোছা. রিজিয়া খাতুন (৫৫), মো. ফিরাজুল (৪৫) ও মোছা. জামেলা খাতুন (৪০)।
আক্রান্তরা সবাই ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন।