এখলাস উদ্দীনঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইনসহ মো. ইব্রাহিম হোসেন সাগর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে উপজেলার উজানপাড়া (সিঁড়ির মোড়) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উজানপাড়া এলাকায় ইব্রাহিম হোসেন সাগরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির দক্ষিণ পাশের শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে মাদকসহ ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগর ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। জব্দ করা হেরোইনও বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার ইব্রাহিম হোসেন সাগরের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।