ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় আবাদি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তোফাজ্জেল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে।

 

নিহত তোফাজ্জেল হোসেন সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বর্গা নেওয়া ধানি জমিতে সার প্রয়োগ করে বাড়ি ফিরছিলেন তোফাজ্জেল হোসেন। পথে তেঘরিয়া মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

বজ্রপাতে আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

 

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রামপুলিশের মাধ্যমে কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ বিষয়ে আলামপুর ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদুল ইসলাম বলেন, কৃষক তুফা প্রধানের মৃত্যু বজ্রপাতে হয়েছে, প্রাথমিকভাবে সেটি নিশ্চিত হওয়া গেছে। কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

এ ব্যাপারে আলামপুর ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন,বজ্রপাতে তোফাজ্জেল হোসেনের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে বজ্রপাতে কৃষক তোফাজ্জেলের মৃত্যুর ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।