মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধারসহ এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আসাদুজ্জামান শেখ (৪২)। তিনি উপজেলার বাগাট মুন্সিপাড়া এলাকার মৃত গোলাম সারোয়ারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসার আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখদেব রায়ের নির্দেশনায় ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাগাট বাজারে আসাদুজ্জামান শেখের ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয় এবং আসাদুজ্জামান শেখকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মধুখালী থানার সেকেন্ড অফিসার অসিদ দাস। এ সময় এসআই তন্ময় মণ্ডল, এএসআই আশরাফুল আলমসহ পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
এ ঘটনায় ৭ সেপ্টেম্বর গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখদেব রায় সাংবাদিকদের বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”