সাহিদা পারভীন:
রাজবাড়ীর কালুখালী উপজেলায় উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।
উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম পাইলটসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচিতে উপজেলার মোট ৪৮৫ দশমিক ৬০ হেক্টর আয়তনের ৯টি নির্বাচিত জলাশয়ে ৩৩৩ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ২০ কেজি, গজারিয়া বিলে ৬০ কেজি, চরনারায়ণপুর বিলে ৩০ কেজি, ঠাকুর বিলে ৫০ কেজি, চণ্ডিপুর বিলে ৩০ কেজি, ফাল্টা বিলে ৪০ কেজি, নৌছিবিলে ২০ কেজি এবং মহেশখালী বিলে ৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।