আনিসুর রহমান:

 

নাটোরের বড়াইগ্রাম থেকে গবাদিপশু চুরির মাত্র আট ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জের তাড়াশ থেকে চুরি হওয়া তিনটি গরু-মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধবপুর এলাকা থেকে চুরি হওয়া গবাদিপশুগুলো উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন—সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে হাবিল ব্যাপারী শরিফ (৩১) এবং খুটিগাছা গ্রামের আয়নাল হকের ছেলে মাহবুব হোসেন (২৫)।

 

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের কৃষক শুকুর আলীর দুটি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। গরু দুটির আনুমানিক মূল্য দুই লাখ ১০ হাজার টাকা। একই সময় তার প্রতিবেশী বাবর আলী মণ্ডলের প্রায় এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি মহিষও চুরি করা হয়।

 

ভোরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীরা বড়াইগ্রাম থানায় খবর দেন। পরে পুলিশ গবাদিপশু উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানা পুলিশ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামে হাবিল ব্যাপারী শরিফের বাড়িতে অভিযান চালায়।

 

অভিযানে চুরি হওয়া দুটি গরু ও একটি মহিষ জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাবিল ব্যাপারী শরিফ ও মাহবুব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের দ্রুত অভিযানে চুরির মাত্র আট ঘণ্টার মধ্যে গবাদিপশুগুলো উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।