মোঃ আমিরুল ইসলাম:
নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদীর বিভিন্ন স্থানে হঠাৎ বিপুল পরিমাণ মাছ ভেসে উঠেছে। পুঁটি মাছ থেকে শুরু করে বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে ওঠায় নদীপাড়ের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয়রা জানান, নদীর বিভিন্ন স্থানে মাছ ভেসে উঠতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকার লোকজন নদীতে নেমে মাছ শিকার শুরু করেন। এ সময় অনেককে জালসহ বিভিন্ন উপায়ে মাছ ধরতে দেখা যায়।
তবে কী কারণে মাছগুলো পানির ওপর ভেসে উঠছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ দাবি করছেন, নদীর পানিতে বিষ প্রয়োগের কারণে মাছগুলো ভেসে উঠেছে। আবার কারও ধারণা, পানিতে কোনো ধরনের গ্যাসের সৃষ্টি হওয়ায় মাছগুলো স্বাভাবিকভাবে পানিতে থাকতে পারছে না।
এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন পোস্ট করেছেন। তবে মাছ ভেসে ওঠার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বিষয়টির প্রকৃত কারণ জানতে দ্রুত নদীর পানি ও মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে নদীর মাছ ধরার কারণে মানুষের কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা সন্তোষ কুমার ও বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী মাছ ভেসে ওঠার কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।