ইসমাইল হোসেন বাবু:

 

কুষ্টিয়ার মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামে এক সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল লতিফ মালিথা খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি খয়েরপুর এলাকার মৃত সাবান মালিথার ছেলে।

 

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ আদায়ের জন্য সাইকেলে করে মসজিদের দিকে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। খয়েরপুর বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।