ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে হাসিনা খাতুন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তার সন্ধান করেন। তবে চার দিনেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জিকে খাল থেকে নিখোঁজ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সঙ্গে ভারী একটি বস্তু বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।