খোকন হাওলাদারঃ

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার গভীর রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গত ৯ আগস্ট স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন তারা। এরপর থেকে ঘরের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

 

শুক্রবার ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পায়। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

 

এদিকে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম।

 

ঘটনার রহস্য উদঘাটনে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।