ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ ঘটনায় সুজন নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত সুজন জামালপুর কান্দিরপাড়া এলাকার কিনার মন্ডলের ছেলে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ’ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন জামালপুর কান্দিরপাড়া এলাকায় আজ বুধবার সকাল ১০টায় বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় মো. সুজন মন্ডল (২৭) নামে একজন মাদক কারবারিকে ভারতীয় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির টহলদল পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল মদ এবং ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাক বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।