হুমায়ন আহমেদ:

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি বিরিয়ানি হাউজ থেকে খাবার কিনে খাওয়ার পর শিশুসহ একই ও পৃথক পরিবারের ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, পৌর শহরের হাইরোডে অবস্থিত হাজী বিরিয়ানি হাউজ থেকে কেনা বিরিয়ানি খাওয়ার কয়েক ঘণ্টা পর তাঁদের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়।

 

সোমবার (৩১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কয়েকজন ওই দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যান। রাতে পরিবারের সদস্যরা খাবারটি খাওয়ার পর মধ্যরাত থেকে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের মরিয়ম খাতুন (২৭) ও তাঁর দুই সন্তান তাওহিদ (২) ও তাওসিফ (৮), জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের জিনারুল ইসলাম (৪৬), তাঁর স্ত্রী পান্না খাতুন (৪২) ও ছেলে সাহেদ (১৩)। আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

 

ভুক্তভোগী ফারুক হোসেন বলেন, অফিস শেষে তিনি ওই দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যান। রাতে স্ত্রী ও দুই সন্তানসহ তিনি খাবারটি খাওয়ার পর রাত ১২টার দিকে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

 

অন্য ভুক্তভোগী জাহিদ হোসেন বলেন, আলমডাঙ্গা থেকে ফেরার সময় তিনি দুই প্যাকেট বিরিয়ানি কিনেছিলেন। বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়ার পর তাঁরাও অসুস্থ হয়ে পড়েন।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি বলেন, শিশুসহ ৯ জন বমি ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। রোগীদের ভাষ্য অনুযায়ী, বিরিয়ানি খাওয়ার পরই তাঁদের অসুস্থতা শুরু হয়েছে।

 

তবে বিরিয়ানি খাওয়ার কারণেই তাঁদের অসুস্থতা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

একসঙ্গে একাধিক ব্যক্তি একই খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।