সাজেদুর রহমান:

 

যশোরের শার্শা উপজেলার চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানের মৃত্যুর পর তাদের বাবা কামাল হোসেন (৪৫)-এরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত দুই শিশু হলো—সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর)। তারা কামাল হোসেনের তৃতীয় স্ত্রীর সন্তান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

স্থানীয় সূত্র জানায়, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাঁর ঘরে মোট সাত সন্তান রয়েছে বলে জানা গেছে। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর আগেই বিচ্ছেদ হয়। তৃতীয় স্ত্রীও পারিবারিক কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয়রা জানান।

 

মঙ্গলবার দুপুরে বাড়িতে দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পারিবারিক বিরোধ, মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণ ছিল কি না, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।